আল কোরআন
সূরা রুম
পারা ২১, আয়াত ৬০, রুকু ৬ (মাক্কী)
১৭-১৮. অতএব তোমরা সকালে ও সন্ধ্যায়, বিকেলে ও দুপুরে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মহাকাশ ও পৃথিবীর সকল প্রশংসা শুধু তাঁরই প্রাপ্য। ১৯. তিনিই নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান আবার প্রাণকে করেন নিষ্প্রাণ। ধূসর জমিনকে তিনিই সজীব করে তোলেন। এমনিভাবে তোমাদেরও মৃত অবস্থা থেকে পুনরুত্থিত করা হবে।
২০. তাঁর মহিমার একটি নিদর্শন হচ্ছে, তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন। তারপর মানুষরূপে তোমরা সর্বত্র ছড়িয়ে পড়েছ। ২১. তাঁর মহিমার আরেকটি নিদর্শন হলো, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক মমতা ও সমমর্মিতা সৃষ্টি করেছেন। চিন্তাশীলদের জন্যে এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে।
২২. তাঁর মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে অবশ্যই জ্ঞানীদের জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে।
আল হাদিস
ক্রয়-বিক্রয় সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ২০৭৪-২০৭৬
আবূ হুরায়রা (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, তোমাদের কারও পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করা নেয়া কারো নিকট চাওয়ার চেয়ে উত্তম। কেউ দিতেও পারে, নাও দিতে পারে।
যুবাইর ইবনু আওয়াম (রা:) হতে বর্ণিত-
নবী (ﷺ) বলেছেন, তোমাদের কারো জন্য তার রশি নিয়ে কাঠ সংগ্রহ করতে বের হওয়া মানুষের নিকট ভিক্ষা করার চেয়ে উত্তম। আবু নু'আঈম (রহ:) বলেন, মুহাম্মাদ ইবনু সাওয়াব ও ইবনু নুমাইর (রহ:) হিশাম (রহ:)-এর মাধ্যমে তার পিতা হতে হাদিসটি বর্ণনা করেছেন।
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা:) হতে বর্ণিত-
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে ন¤্রতার সাথে ক্রয়-বিক্রয় করে ও পাওনা ফিরিয়ে চায়।
