নিজস্ব প্রতিনিধি-: বগুড়ার শাজাহানপুরে টুলু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ির নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত টুলু মিয়া আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের মৃত আফাজ উল্লাহর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে দেশের বাইরে শ্রমিকের কাজ করেন। তার দুই মেয়ে জেমি আকতার ও জুথি আকতার বিবাহিত। টুলু একাই বাড়িতে বসবাস করেন। গত কয়েকদিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি সকালে বাবাকে দেখতে বাড়িতে আসেন। তিনি ঘরের ভেতরে ঢুকে বাবার গলাকাটা লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এটি আত্মহত্যা নাকি হত্যা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।
