কিশোরগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ শুরু
asif
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
কিশোরগঞ্জ প্রতনিধি-: সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, তথ্য আপা, সাংবাদিক, ইমাম-পুরোহিত ও এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আলম তালুকদার বলেন, ‘সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি করে শাকসবজি রাখা প্রয়োজন। শুধু সাদা ফুলকপি নয়, বর্তমানে বাজারে সবুজ, হলুদ, কমলা ও বেগুনি রঙের ফুলকপিও পাওয়া যাচ্ছে। এসব সবজিতে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে।’ তিনি বলেন, ‘কমলা ও হলুদ রঙের ফুলকপিতে বিটা-ক্যারোটিনসহ ক্যারোটিনয়েড থাকে, যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। অন্যদিকে বেগুনি ফুলকপির রঙের জন্য দায়ী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন। তাই খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী।’ প্রশিক্ষণে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহাগ মিয়া, অতিরিক্ত কৃষি অফিসার আবু জাফর মোঃ সালেহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাঈন উদ্দিনসহ সংশ্লিষ্টরা। প্রশিক্ষণে প্রশিক্ষকরা সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন জীবনে পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবার ও সমাজে পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পুষ্টিবিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে নিজ নিজ কর্মক্ষেত্র ও সমাজে পুষ্টি বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আয়োজকরা জানিয়েছে আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।
