আটোয়ারীতে ফেক আইডি খুলে রাজনৈতিক নেতাকে নিয়ে অশ্লীল মন্তব্য, গ্রেপ্তার ১
asif
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
পঞ্চগড় প্রতিনিধি - পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি তৈরি করে এক রাজনৈতিক নেতা ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করার অভিযোগে আটোয়ারী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র ও আটোয়ারী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মকসেদ আলীসহ তার পরিবারকে নিয়ে হেনস্তা করার উদ্দেশে একটি কুচক্রী মহল ফেসবুকে ফেক আইডি খুলে নানা ধরনের অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্য ছড়াতে থাকে। এতে ওই পরিবার সামাজিকভাবে চরম মানহানির স্বীকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী মকসেদ আলী বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাৎক্ষণিক নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমানের দিকনির্দেশনায় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফারুকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে গৎ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মফিজুল ইসলামের পুত্র (৩৬)। সে ঢাকা গাজীপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করত। এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, সাইবার অপরাধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার মিরপুর থেকে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পঞ্চগড় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
