সূরা কাসাস
পারা ২০, আয়াত ৮৮, রুকু ৯ (মাক্কী)
১৯. কিন্তু মুসা যখন (আবেগবশত) উভয়েরই সাধারণ শত্রুকে মারতে উদ্যত হলো, তখন লোকটি চিৎকার করে উঠল, ‘হে মুসা! গতকাল তুমি যেভাবে একজনকে খুন করেছ, সেভাবে কি আমাকেও খুন করতে চাও? তুমি তো অত্যাচারী হতে চলেছ, ন্যায় প্রতিষ্ঠাকারী নয়!’
২০-২১. এসময় শহরের দূর প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল, ‘হে মুসা! ফেরাউনের সভাসদরা (গতকালের খুনের প্রেক্ষিতে) তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তুমি এখনই শহর ছেড়ে চলে যাও। আমি তোমার মঙ্গলাকাক্সক্ষী।’ মুসা সেখান থেকে ভীতচকিত অবস্থায় বেরিয়ে পড়ল। (কায়মনোবাক্যে) প্রার্থনা করল, ‘প্রভু হে! জালেমদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো!’
২২. মিশর ত্যাগ করে মাদিয়ান যাত্রা করার সময় মুসা বলল, নিশ্চয়ই আল্লাহ আমাকে সাফল্যের সরলপথে পরিচালিত করবেন।
সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সম্পর্কিত হাদিস
সহীহ বুখারী : ১২২১
‘ঊকবাহ ইব্নু হারিস (রা:) হতে বর্ণিত-
আমি নবী (ﷺ)-এর সঙ্গে আসরের সালাত আদায় করলাম। সালাম করেই তিনি দ্রুত উঠে তাঁর কোন এক সহধর্মিণীর নিকট গেলেন, অত:পর বেরিয়ে এলেন। তাঁর দ্রুত যাওয়া আসার ফলে (উপস্থিত) সাহাবীদের চেহারায় বিস্ময়ের আভাস দেখে তিনি বললেন: সালাতে আমার নিকট রাখা একটি সোনার টুকরার কথা আমার মনে পড়ে গেল। সন্ধ্যায় বা রাতে তা আমার নিকট থাকবে আমি এটা অপছন্দ করলাম। তাই, তা বন্টন করে দেয়ার নির্দেশ দিলাম।
