প্রকাশ ঘোষ বিধান
মীনা দক্ষিণ এশিয়ার শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি শিক্ষামূলক অ্যানিমেশন কার্টুন। শিশুদের অধিকার রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, সমতা এবং লিঙ্গবৈষম্য দূর করার বার্তা ছড়িয়ে দিতে ইউনিসেফের উদ্যোগে এই কার্টুন সিরিজ তৈরি করা হয়। ১৯৯০-এর দশক থেকে শুরু করে আজ পর্যন্ত মীনা বাংলাভাষীসহ দক্ষিণ এশিয়ার শিশুদের কাছে বিশেষ পরিচিত একটি চরিত্র হয়ে আছে। বিনোদনের পাশাপাশি সহজ-সরল গল্পের মাধ্যমে শিশুদের গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক বিষয় সম্পর্কে ধারণা দেওয়াই এর অন্যতম বৈশিষ্ট্য।
মীনা কার্টুনের প্রতিটি গল্পের পেছনেই থাকে কোনো না কোনো শিক্ষামূলক ও সামাজিক বার্তা। মেয়েদের শিক্ষার অধিকার, শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, বিশুদ্ধ পানি ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবারের আগে হাত ধোয়া, ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের ব্যবহার-এসব বিষয় গল্প ও চরিত্রের মাধ্যমে শিশুদের কাছে সহজ করে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছেলে ও মেয়েদের মধ্যে খাবার, শিক্ষা কিংবা সুযোগ-সুবিধায় বৈষম্য না করা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুশ্রম ও শিশু পাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির বিষয়ও উঠে এসেছে বিভিন্ন পর্বে।
কার্টুনটির প্রধান চরিত্র মীনা। সে ৯ বছর বয়সী সাহসী, বুদ্ধিমান ও অনুসন্ধিৎসু একটি মেয়ে। নিজের পরিবার ও গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সে যেমন সচেতন, তেমনি অন্যায় বা বৈষম্যের বিরুদ্ধেও নিজের অবস্থান তুলে ধরে। মীনার ছোট ভাই রাজু বিভিন্ন অভিযানে তার সঙ্গে থাকে। তার পোষা তোতাপাখি মিঠুও গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে নানা পরিস্থিতিতে মীনাকে বুদ্ধি ও সাহস জোগায়। মীনার পোষা গরু লালিও কার্টুনটির পরিচিত চরিত্রগুলোর একটি।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় নির্মিত এই কার্টুন প্রথম ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। দক্ষিণ এশিয়ার সমাজে প্রচলিত বিভিন্ন বৈষম্য ও শিশুদের সমস্যা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই ইউনিসেফের সহায়তায় সিরিজটি নির্মাণ করা হয়েছিল। বাংলা, হিন্দি, ইংরেজি ও নেপালিসহ ২৯টি ভাষায় মীনা কার্টুন তৈরি হয়েছে। কার্টুনটির চরিত্রের রূপদান করেন ভারতের বিখ্যাত কার্টুনিস্ট রাম মোহন। ইউনিসেফের নিল ম্যাককিও এই সিরিজের সৃষ্টির সঙ্গে যুক্ত ছিলেন।
মীনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এটি শিশুদের ওপর কোনো বার্তা সরাসরি চাপিয়ে না দিয়ে গল্প ও বিনোদনের মাধ্যমে শেখায়। ফলে শিশুরা আনন্দের সঙ্গে প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারে। একটি শিশু যখন মীনার মতো একটি চরিত্রকে কোনো সমস্যা মোকাবিলা করতে দেখে, তখন সেই সমস্যার সমাধান, সাহস, দায়িত্ববোধ ও সচেতনতার বিষয়গুলো তার কাছে সহজে বোধগম্য হয়। এ কারণে দীর্ঘ সময় ধরে মীনা শিশুদের কাছে শুধু একটি কার্টুন চরিত্র নয়, বরং শিক্ষার একটি পরিচিত মাধ্যম হিসেবেও জায়গা করে নিয়েছে।
প্রতি বছর ২৪ সেপ্টেম্বর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মীনা দিবস পালন করা হয়। ইউনিসেফের সহায়তায় ১৯৯৮ সাল থেকে এই দিবস উদযাপিত হয়ে আসছে। শিশুদের, বিশেষ করে কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমঅধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা তৈরিই এ দিবসের অন্যতম উদ্দেশ্য।
মীনা দিবস উপলক্ষে বিদ্যালয়গুলোতে শিশুদের জন্য কার্টুন প্রদর্শনী, চিত্রাঙ্কন, গল্প বলা, কুইজ, সচেতনতামূলক নাটক ও র্যালিসহ নানা আয়োজন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনও এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে। এসব আয়োজনের মাধ্যমে শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে সহজ ভাষায় ধারণা দেওয়া হয়। একই সঙ্গে পরিবার ও সমাজের দায়িত্ব সম্পর্কেও সচেতন করা হয়।
মীনা কার্টুনের অন্যতম বড় শিক্ষা হলো ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য না করা। দক্ষিণ এশিয়ার সমাজে দীর্ঘদিন ধরে মেয়েদের শিক্ষা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অনেক ক্ষেত্রে সীমিত ছিল। সেই বাস্তবতায় মীনা এমন একটি প্রতীকী চরিত্র, যে নিজের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অন্য শিশুদের জন্যও সমান সুযোগের কথা তুলে ধরে। ফলে মীনার গল্প শুধু শিশুদের বিনোদন দেয় না, পরিবার ও সমাজের প্রচলিত কিছু ধারণা নিয়েও ভাবতে শেখায়।
স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রেও মীনার ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি ব্যবহার, খাওয়ার আগে হাত ধোয়া, সঠিক পুষ্টি গ্রহণ এবং রোগ প্রতিরোধের মতো বিষয়গুলো শিশুদের খেলাধুলা ও গল্পের আবহে শেখানো হয়েছে। ছোট বয়সে গড়ে ওঠা এসব অভ্যাস পরবর্তী জীবনেও একজন শিশুর স্বাস্থ্যকর জীবনযাপনে ভূমিকা রাখতে পারে।
বর্তমান সময়েও মীনার এসব বার্তার গুরুত্ব কমেনি। শিশুদের সামনে এখন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হলেও শিক্ষা, সমতা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার তাদের বেড়ে ওঠার মৌলিক বিষয়। প্রযুক্তি ও বিভিন্ন মাধ্যমে শিশুদের বিনোদনের সুযোগ বাড়লেও শিক্ষামূলক ও মূল্যবোধনির্ভর কনটেন্টের প্রয়োজন রয়েছে। সে জায়গায় মীনার মতো পরিচিত চরিত্র শিশুদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা সহজে পৌঁছে দেওয়ার কার্যকর মাধ্যম হতে পারে।
বাল্যবিয়ে, শিশুশ্রম, শিশু নির্যাতন ও পাচারের মতো সমস্যা প্রতিরোধেও শিশুদের পাশাপাশি অভিভাবক ও সমাজকে সচেতন করা প্রয়োজন। মীনা দিবসের বিভিন্ন আয়োজন তাই শুধু শিশুদের বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সামাজিক দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। ছেলে ও মেয়ে উভয়ের জন্য সমান শিক্ষা ও সুযোগ নিশ্চিত করা, শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং নিরাপদ পরিবেশ তৈরি করা একটি শিশুবান্ধব সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শর্ত।
মীনা তাই শুধু একটি জনপ্রিয় কার্টুন চরিত্র নয়; দক্ষিণ এশিয়ার শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, অধিকার ও সমতার বার্তা পৌঁছে দেওয়ার একটি দীর্ঘস্থায়ী মাধ্যম। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মীনার গল্পে যে মূল্যবোধগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো পরিবার, বিদ্যালয় ও সমাজে বাস্তবায়ন করাই হতে পারে মীনা দিবস পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্থকতা।
লেখক : সাংবাদিক ও কলামিস্ট
