নিজস্ব প্রতিনিধি-: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ছয় মামলার আসামি মো. ছাব্বির হোসেন (২৩) ও ভোলার কুঞ্জপট্টি থেকে ধর্ষণ মামলার আসামি মো. কামাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার এসআরবি-২ জানতে পারে, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ছয় মামলার আসামি মো. ছাব্বির হোসেন মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ছাব্বিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ছাব্বির দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এসআরবির এই কর্মকর্তা আরও জানান, একই দিনে এসআরবি-২ ও এসআরবি-৮ এর একটি যৌথ দল ভোলা জেলার কুঞ্জপট্টি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করে। গত ৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আদাবর থানার সুনিবিড় হাউজিং এলাকার একটি বাসায় নুসরাত জান্নাত (৭) নামের একটি শিশুকে প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন কামাল হোসেন। এ ঘটনায় শিশুটির মা গত ৫ অক্টোবর আদাবর থানায় মামলা করেন। এদিকে, গ্রেপ্তার ছাব্বিরের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা এবং আদাবর থানায় দস্যুতার একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
