নিজস্ব প্রতিনিধি-চার ম্যাচের সবকটিতে জয়, এর মধ্যে তিনটিই ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া। কিন্তু না থেকেও যেন সবচেয়ে বেশি আছেন তিনিই। পর্তুগালের ম্যাচের আগে ও পরের আলোচনায় ঘুরেফিরে আসছে তার প্রসঙ্গ। নরওয়েকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করার পরও সেই চিত্র পাল্টায়নি। অনেকের কৌতূহলের জবাবও দিলেন জর্জে জেজুস। পর্তুগালের কোচ বললেন, রোনালদোর জন্য জাতীয় দলের দুয়ার খোলাই আছে। নেশন্স লিগের এই উইন্ডোর শেষ ম্যাচে নরওয়েকে গতকাল রোববার ২-১ গোলে হারায় পর্তুগাল। গত ২৫ সেপ্টেম্বর শুরুটা করেছিল তারা ওয়েলসে ১-০ গোলে হারিয়ে। এরপর রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারায় ২-১ গোলে। সেই ম্যাচে গা গরম করিয়েও রোনালদোকে মাঠে না নামানোর জের ধরে টানাপোড়েনের শুরু। এরপর ভেসে বেড়াতে থাকে কোচের সঙ্গে তার দ্বন্দ্বের খবর। পর্তুগিজ ফেডারেশনের সভাপতির উপস্থিতিতে সেটা মিটে যাওয়ার খবরও এসেছিল। কিন্তু ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচের কিছু কথার প্রেক্ষিতে হুট করেই দল ছেড়ে চলে যান রোনালদো। সামাজিক মাধ্যমে জানান যে, ‘যথাসময়ে’ তিনি কারণ ব্যাখ্যা করবেন। পর্তুগালের সংবাদমাধ্যম জানায়, “বিশ^াসঘাতকতার”শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন ঘনিষ্ঠ মহলে। ডেনমার্কের বিপক্ষে সেই ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়ে ৪-২ গোলে জয় পায় পর্তুগাল। এরপর নরওয়ের বিপক্ষে ফিরতি ম্যাচের এই জয়। ম্যাচের পর যথারীতি প্রশ্ন উঠল রোনালদোকে নিয়ে। জেজুস বললেন, তার দিক থেকে কোনো বাধা নেই। রোনালদোর ফেরা নির্ভর করছে তার নিজের ইচ্ছের ওপরই। “পরবর্তী জাতীয় দল ঘোষণার আগে ক্রিস (রোনালদো) যদি আল-নাস্রে খেলে, তাহলে তাকে ডাকা যেতে পারে। সে যদি চায়, অবশ্যই জাতীয় দলে ফিরবে। সে যদি চায়, আগের স্কোয়াড ঘোষণার সময় যেমন আমরা কথা বলেছিলাম, তেমনি পরবর্তী স্কোয়াড ঘোষণার আগেও আমরা কথা বলতে পারি, কিন্তু সিদ্ধান্তটা ক্রিসই (রোনালদো) নেবে।” আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সফলতম গোলস্কোরার দেশের জার্সিতে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন কি না, এই প্রশ্ন এখন প্রবলভাবেই উচ্চকিত। জেজুস অবশ্য বললেন, সেই সিদ্ধান্তও রোনালদোই নেবেন। পর্তুগিজ কোচের দাবি, তার দিক থেকে কোনো ভাবনার পরিবর্তন হয়নি। জাতীয় দলে তার সময়টা কীভাবে শেষ করতে চায়, সেই সিদ্ধান্তটা তারই নেওয়া উচিত। আমার প্রথম স্কোয়াড ঘোষণার সময় বলেছিলাম, ‘তোমাকে আমার প্রয়োজন, আমার পাশে থাকতে হবে, খেলো বা না খেলো, তোমাকে আমার প্রয়োজন।’ এখনও আমি একই কথা বলছি।” পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সা বলেছেন, রোনালদো এখনও দলের পরিকল্পনার অংশ হিসেবেই থাকছেন এবং এই ঘটনাটিকে তিনি বর্ণনা করেছেন ‘ভুল বোঝাবুঝি হিসেবে’, যা অভ্যন্তরীণভাবে সমাধান করা উচিত। “খেলার যোগ্য বলেই সে জাতীয় দলে আছে এবং এটি অবশ্যই প্রশ্নাতীত। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমাদের সম্মান জানাতেই হবে।” নেশন্স লিগের পরবর্তী ম্যাচে আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে লড়বে পর্তুগাল, তিন দিন পর খেলবে ওয়েলসের মাঠে। এর আগে পরিষ্কার হতে পারে চিত্র।
