বার্সেলোনার আক্রমণভাগের মূল অস্ত্র হয়ে উঠছেন রাফিনিয়া। চলতি মৌসুমে মাঠে নামলেই গোল পাচ্ছেন তিনি। গতকাল ভ্যালেন্সিয়ার জালও তার সামনে অক্ষত থাকতে পারেনি। তাতে এই শতাব্দীর লা লিগা ইতিহাসে একটি রেকর্ডে লিওনেল মেসিকে ছুঁলেন তিনি। ভ্যালেন্সিয়ার মাঠেও সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলেছেন রাফিনিয়া। ৫০তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা জালের দেখা পান। ফার্মিন লোপেজের নিখুঁত ক্রসে লক্ষ্যভেদ করেন। তাতে চলতি লা লিগায় প্রথম চার ম্যাচেই হয়েছে ছয় গোল। দুইবার (২০১২-১৩ ও ২০১৩-১৪) এই কীর্তি গড়া মেসির সঙ্গে অভিজাত ক্লাবে যোগ দিয়েছেন রাফিনিয়া। তাতে করে রোনালদোর তিনটি ভিন্ন মৌসুমে দলের প্রথম চার ম্যাচ শেষে পাঁচটি করে গোলের কীর্তিকে পেছনে ফেলেছেন তিনি। তিন ম্যাচে এলচের বিপক্ষে ২, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১ এবং রায়ো ভায়েকানোর বিপক্ষে ২টি গোল করেন সেলেসাও তারকা। টানা সর্বোচ্চ ৫ ম্যাচে গোল করার রেকর্ড আছে বার্সার দুই ফুটবলারের। ১৯৫০-৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ (৮ গোল) এবং ২০০৯-১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচ (৫) ওই কীর্তি গড়েন। নিজের অভিষেক মৌসুমেই টানা ৫ ম্যাচে গোল করেছিলেন সাবেক এই সুইডিশ তারকা। এবার হয়তো সেই রেকর্ডেই চোখ রাফিনিয়ার। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন লামিন ইয়ামালও। তবে ৬ গোল করে এখন দলের ও লিগের সর্বোচ্চ গোলদাতা রাফিনিয়া।
