Logo
Logo
×

বিনোদন

‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

asif

asif

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

বিনোদন প্রতিনিধি - দীর্ঘ বিরতির পর ধারাবাহিক নাটকে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন সুমাইয়া শিমু। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ দিয়ে পর্দায় ফেরার কথা ছিল তাঁর। এমনকি ‘রুকাইয়া’ চরিত্রে অভিনয়ের জন্য শুটিংয়েও অংশ নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ধারাবাহিকটিতে দেখা যাবে না তাঁকে। তাঁর জায়গায় রুকাইয়া চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার।
‘ফিরে আসার গল্প’ দিয়ে অভিনয়ে ফেরার বিষয়ে আগে বেশ উচ্ছ্বসিত ছিলেন সুমাইয়া শিমু। তিনি জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন এবং ক্যামেরার সামনে ফিরতে পেরে আনন্দিত ছিলেন। রুকাইয়া চরিত্রটিকেও নিজের দীর্ঘ বিরতির পর ফেরার জন্য উপযুক্ত বলে মনে করেছিলেন তিনি।
তবে শেষ মুহূর্তে এসে বদলে গেছে সেই পরিকল্পনা। আগে থেকেই ধারাবাহিকটির ‘মরিয়ম’ চরিত্রে অভিনয়ের জন্য যুক্ত ছিলেন দীপা খন্দকার। চরিত্র বদলের পর তিনি রুকাইয়ার ভূমিকায় চলে গেছেন। আর মরিয়ম চরিত্রে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী।
অভিনয়শিল্পী পরিবর্তনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি নির্মাতা মোস্তফা কামাল রাজ কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে সুমাইয়া শিমুর ফটোশুটের প্রকাশিত ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে রোজী সিদ্দিকীকে মরিয়ম চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
সুমাইয়া শিমু কেন ধারাবাহিকটি থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। নির্মাতার সঙ্গেও যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি, চোখের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় ধারাবাহিকটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শিমু। বিষয়টি তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিকে ফিরছেন অভিনেতা জাহিদ হাসান। তাঁর সঙ্গে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী, শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, ডা. এজাজুল ইসলাম ও রাজুসহ অনেকে।
নাটকটির শুটিং এখন পুরোদমে চলছে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আগামী ৭ অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’ প্রচারের কথা রয়েছে। প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন পর্ব প্রকাশ করা হবে।
সুমাইয়া শিমুর জন্য দীর্ঘ বিরতির পর এই ধারাবাহিকটি ছিল অভিনয়ে ফেরার একটি প্রত্যাশিত সুযোগ। কিন্তু প্রচারের আগেই সেই প্রত্যাবর্তনের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এখন রুকাইয়া চরিত্রে দীপা খন্দকারকে নিয়েই এগোচ্ছে ধারাবাহিকটির কাজ।

 

সম্পর্কিত খবর

পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান

পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান

চয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

চয়নিকার নির্মাণে তিন তারকার ‘জোছনায় ফেরা’

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে নব্বইয়ের দশকের ‘চিরকুট’

দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে নব্বইয়ের দশকের ‘চিরকুট’

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন ম্যাকলমোর

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন ম্যাকলমোর

দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন

দ্বিতীয় সন্তানের মা হলেন মিলি ববি ব্রাউন

এক গান ২০০ বার গেয়েছিলেন অরিজিৎ সিং!

এক গান ২০০ বার গেয়েছিলেন অরিজিৎ সিং!

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম