নিজস্ব প্রতিনিধি-: মাগুরায় বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত দুই যুবক হলেন মাগুরা সদর উপজেলার মকরদোম খোলা গ্রামের আলমগীর লস্কর (৪২) এবং শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২৮)। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া সার্বজনীন পূজাম-প এলাকায় বন্ধুদের সঙ্গে মদপান করেন আলমগীর ও বিধান। কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়েন। আলমগীরের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ হওয়ার পর তার বন্ধুরা তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে পৌঁছে দেন। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে থাকাকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, অসুস্থ হওয়ার পর বিধান প্রথমে বাড়িতেই ছিলেন। তার চাচি সুপ্রিয়া সাহা জানান, দশমীর রাতে অতিরিক্ত মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তিনি পরিবারের কাউকে কিছু জানাননি। পরে শরীরে তীব্র যন্ত্রণা শুরু হলে বিষয়টি পরিবারের সদস্যদের জানান তিনি। এরপর গত বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা বিধানকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান জানান, দুই যুবককে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। শ্রীপুর থানার ওসি ওলি মিয়া জানান, মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের লাশ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
