ট্রাক আছড়ে পড়েছে প্রাইভেটকারের ওপর, ভেতরে থাকা মা-ছেলে নিহত
asif
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পিএম
নিজস্ব প্রতিনিধি-: ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর আছড়ে পড়েছে। এতে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)। জানা গেছে, বাবার বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থেকে প্রাইভেটকার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সুমির পরিবার। এ সময় বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারটিকে চাপা দিয়ে ওপরে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তিন জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের এসআই আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
