Logo
Logo
×

জাতীয়

ফরিদপুরে আগুনে পুড়লো পুলিশ হেফাজতে থাকা বাস

asif

asif

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম

ফরিদপুরে আগুনে পুড়লো পুলিশ হেফাজতে থাকা বাস

ফরিদপুর প্রতিনিধি - ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার পাশে পুলিশ হেফাজতে রাখা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আগুন লেগে পুড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-খুলনা (এন ৭) মহাসড়কে থানার সামনের খোলা মাঠে রাখা বাসটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। করিমপুর হাইওয়ে থানার ওসি আবদুস সালাম বলেন, রাত ১০টা ২৭ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। তবে ততক্ষণে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১০টা ৩৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কয়েল, সিগারেটের আগুন, কেউ আগুন ধরিয়ে দেওয়া বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মেছড়দিয়া মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ময়দার বস্তাবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটির সুপারভাইজার নিহত হন। এরপর থেকে দুর্ঘটনার আলামত হিসেবে বাসটি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল। পুলিশ জানায়, কয়েক মাস আগে করিমপুর হাইওয়ে থানা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানে অবকাঠামোগত কাজ পুরোপুরি গুছিয়ে ওঠেনি। থানার সামনে মহাসড়কঘেঁষা খোলা মাঠে জব্দ করা যানবাহন রাখা হয়। সীমানাপ্রাচীর না থাকায় মাঠটি উন্মুক্ত। ওসি আবদুস সালাম বলেন, নতুন স্থানে থানা স্থানান্তরের পর সবকিছু এখনও পুরোপুরি গুছিয়ে ওঠেনি। থানার সামনের মাঠটিও উন্মুক্ত। চারদিকে সীমানাপ্রাচীর থাকলে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হতো। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

সম্পর্কিত খবর

বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

বিএনপিকে চাপে রেখে বিরোধীদল ভবিষ্যতে ক্ষমতায় আসতে চায়: পানিসম্পদমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে ৯ স্থানে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন

রাজধানীতে ৯ স্থানে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন

ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ

ক্ষমতায় এসে গণতন্ত্র ধ্বংস ও মানবাধিকার হরণ করছে বিএনপি: নাহিদ

বিএমইউতে দেশে প্রথমবারের মতো স্বেচ্ছাদাতার মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

বিএমইউতে দেশে প্রথমবারের মতো স্বেচ্ছাদাতার মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ চালু

ঢাকা দক্ষিণ সিটিতে ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ চালু

Logo

সম্পাদক : এস.এম জাহিদ আনোয়ার শামীম