বেদেপল্লীর ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন
asif
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম
ঢাকা প্রতিনিধি - ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে ৪০টি বেদে পরিবারকে খাস জমি, বেদে পল্লীর ২৫ জন সদস্যকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন প্রশাসক ফরিদা খানম। এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে। ফরিদা খানম বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচ জন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে। সেলাই মেশিনের পাশাপাশি বেদে পল্লীর বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের প্রতিও উৎসাহিত করা হচ্ছে। জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদে পল্লীর সদস্যরা। বেদে পল্লীর পূর্ণিমা আক্তার বলেন, এতো কিছু করার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ। সেলাই মেশিন দিয়েছেন। এটা দিয়ে আমরা পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবো। আগে থেকে কাজ জানতাম। কিন্তু মেশিন না থাকার কারণে কাজ করতে পারতাম না। এখন করতে পারবো। হেনা নামে আরেকজন বলেন, এতো কিছু পেয়ে আমরা খুশি। এর আগে অনুদানও দেওয়া হয়েছে।
