সৈয়দপুর প্রতিনিধি-: নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজ আহমেদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার পাঠ্যপুস্তকগুলো বস্তায় ভরে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন ক্রেতা। এমন দৃশ্য নজরে আসে এলাকার কয়েকজনের। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সৈয়দপুরের ব্যবস্থাপক প্রকৌশলী মো. গোলাম মোরসেলীন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সরকারি পাঠ্যবই শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপকরণ। সেই বই যদি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে কেজি দরে বিক্রি করা হয়ে থাকে, তবে তা গুরুতর অনিয়মের মধ্যেই পড়ে। এলাকাবাসী বলেন, সরকারি বইগুলো কীভাবে বিক্রির পর্যায়ে গেল, কত পরিমাণ বই বিক্রি করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি।
