আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
asif
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
আশাশুনি প্রতিনিধি-: আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার অভিযুক্ত প্রধান শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অভিযুক্ত মোখলেছুর রহমান (৪০)। ভিকটিম শিশুটি মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করে এবং প্রতিষ্ঠানের বোর্ডিংয়ে থাকে। অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময়ে শিশুটিকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে নানাভাবে হয়রানি ও মারধর করা হতো। গত কয়েক দিন ধরে রাতের বেলায়ও শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত বুধবার সকাল ৭টার দিকে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন করা হয়। এ সময় শিশু চিৎকার করলে শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করেন। বাড়িতে ফিরে সে বাবা-মাকে ঘটনা জানালে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯ (১) ধারায় থানায় মামলা (নং ২০, তারিখ ২২/১০/২৬) দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছেন।
