টাঙ্গাইলে ১২ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ
asif
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি-: টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের (দফাদার) মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। গ্রাম পুলিশের দায়িত্ব পালনে যাতায়াতের সুবিধা ও কার্যক্রমে গতিশীলতা আনতে সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে কর্মরত দফাদারদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনকে বিভিন্ন তথ্য প্রদানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। দায়িত্ব পালনে তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে জনসেবার মান আরও বাড়বে। এ উদ্যোগ গ্রাম পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। এর আগে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা টাঙ্গাইল মডেল প্রাইমারি স্কুল, এসি ল্যান্ড অফিস ও টাঙ্গাইল পৌরসভা পরিদর্শন করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বাক্প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং টাঙ্গাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
