ঢাকা প্রতিনিধি - ঢাকা শহরে একটি নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে দ্রুতই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, ধানমন্ডি লেকের খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে ৮৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে। ধানমন্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এদিকে একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, পুরো ধানমন্ডিকে আমরা নতুন করে সাজাতে চাই। আবার একটা নজরুল মঞ্চও করা হবে যেখানে সব সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা যাবে। তিনি আরও বলেন, আমরা অনেকদিন থেকেই পরিকল্পনা করছি ধানমন্ডি লেক সংরক্ষণের। ওয়াকওয়ে কীভাবে বাড়ানো যায় সেটি আমরা ঠিক করবো। আপনাদের সবার সহযোগিতা চাই।
